পুলিশের চোখে ধুলো দিতে এ কী ফন্দি, চলন্ত গাড়ির বনেটে লুকানো মদের সাম্রাজ্য!

বিহার সংলগ্ন ইসলামপুর পুলিশ জেলায় অবৈধ মদ ও মাদক পাচার রোধে লাগাতার অভিযান চালাচ্ছে প্রশাসন। পুলিশের কঠোর নজরদারি এড়াতে এবার নিত্যনতুন এবং অভিনব কৌশল বেছে নিচ্ছে কারবারিরা। সম্প্রতি ডালখোলা বাইপাস রোডে একটি চলন্ত বিলাসবহুল গাড়ির ইঞ্জিনে আগুন লাগার পর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। দমকল কর্মীরা আগুন নেভাতে গিয়ে দেখেন, গাড়ির ইঞ্জিনের বনেট এবং ফাঁকা জায়গায় ঠাসা রয়েছে নামী কো ম্পা নির মদের বোতল। সাধারণ মানুষের মতো হেঁটে মাদক পাচার কিংবা মহিলাদের ব্যবহার করার মতো নানা ফন্দি আঁটছে দুষ্কৃতীরা।
বিহার রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ হওয়ার পর থেকেই ইসলামপুর অঞ্চলটি অবৈধ কারবারিদের করিডর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পুলিশের চোখে ধুলো দেওয়ার এই চোর-পুলিশ খেলা দীর্ঘদিন ধরে চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমানভাবে সতর্ক রয়েছে। ইসলামপুর পুলিশ জেলার এসপি রাকেশ সিং জানিয়েছেন, দুষ্কৃতীরা যতই কৌশল বদলাক না কেন, পুলিশের লাগাতার অভিযানে এই চক্রের বহু পাণ্ডা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং বিপুল পরিমাণ অবৈধ মদ ও মাদক উদ্ধার করা হয়েছে। পাচার রোধে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে।