জ্যাকলিনকে সরাতে নোরাকে কোটি কোটি টাকার উপহার! বন্দিখানা থেকে বিস্ফোরক চিঠি লিখলেন সুকেশ?

জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের একটি চিঠি ঘিরে বলিপাড়ায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই চিঠিতে অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন সুকেশ। তাঁর দাবি, জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার জন্য নোরা ক্রমাগত তাঁকে উসকানি দিতেন এবং মরক্কোয় বাড়ি কেনার জন্য তাঁকে কোটি কোটি টাকাও দেওয়া হয়েছিল। সুকেশের আরও অভিযোগ, জ্যাকলিনের প্রতি ঈর্ষান্বিত হয়ে নোরা তাঁকে দিনে অন্তত দশবার ফোন করতেন এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করতেন। উপহারের তালিকায় বহুমূল্যের প্রসাধনী, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ এবং বিলাসবহুল গাড়ি রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ভাইরাল হওয়া এই চিঠির সত্যতা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি, ফলে অভিযোগগুলি নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। তবে সুকেশ দাবি করেছেন, তাঁর কাছে এই সমস্ত দাবির উপযুক্ত প্রমাণ রয়েছে এবং প্রয়োজনে তিনি তা প্রকাশ্যে আনবেন। চিঠির শেষাংশে নোরাকে উদ্দেশ্যে করে কড়া সতর্কবার্তাও দিয়েছেন এই বন্দি ব্যবসায়ী। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই বিনোদন জগতে তীব্র জল্পনা শুরু হয়েছে।