অভিষেক-ডেরেকের পর এবার সুমিত! ক্যামাক স্ট্রিট কাণ্ডে নতুন মোড়

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে সৃষ্ট গণ্ডগোল ও ধস্তাধস্তির ঘটনায় এবার তলব করা হলো তাঁর আপ্তসহায়ক সুমিত রায়কে। রবিবার সন্ধ্যায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ সুমিতের নিউ আলিপুরের বাড়িতে গিয়ে নোটিস পৌঁছে দেয়। সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশ কর্মীদের সঙ্গে সংঘাতে সুমিত রায়ের ঠিক কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতেই তাঁকে আগামী বুধবার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটস্থিত পার্টি অফিসে পুলিশ ও পুরসভার আধিকারিকদের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতির জেরে ইতিমধ্যেই তিনটি এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। এই ঘটনায় ড ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও এর আগে তলব করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ আগস্ট ডেরেক ও’ব্রায়েন এবং ১ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। চলমান এই তদন্তের অংশ হিসেবেই বর্তমানে একের পর এক শীর্ষস্থানীয় নেতা ও সহযোগীকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।