আইন ভাঙলে কাউকেই ছাড় দেওয়া হবে না, মমতা ও অভিষেকের বিরুদ্ধে এফআইআর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্প্রতি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। শুক্রবার ক্যাথিড্রাল রোডের একটি রাজনৈতিক সভা চলাকালীন আদালতের নির্দেশ অমান্য করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। অন্যদিকে, ক্যামাক স্ট্রিটে একটি কর্পোরেট কার্যালয়ে বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে সৃষ্ট ধস্তাধস্তি ও পুলিশকর্মীকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
এই চাঞ্চল্যকর আইনি পদক্ষেপের প্রেক্ষাপটে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দিয়েছেন যে, দেশের আইন সকলের জন্যই সমান এবং আইন ভঙ্গকারীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, অপরাধ প্রমাণিত হলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, সে যেই হোক না কেন। একই সঙ্গে, নেপালের সাম্প্রতিক বন্যায় নিখোঁজ পশ্চিমবঙ্গের নাগরিকদের দ্রুত উদ্ধার ও ফিরিয়ে আনার বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছেন তিনি।