প্যানেল জট কাটাতে আট মাস বাড়তি সময়! ২৬ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে বড় আর্জি এসএসসির

২০১৬ সালের প্যানেল বাতিলের জেরে নতুন করে শুরু হওয়া ২৬ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত ডেডলাইনের মধ্যে সম্পন্ন করা সম্ভব না হওয়ায়, আরও আট মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সচিন সচদেবা ও বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে এই মামলার শুনানির কথা রয়েছে। কমিশন জানিয়েছে, ৪৪টি বিষয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রায় ১ লক্ষ ২৯ হাজার অভিযোগ খতিয়ে দেখতে রিভিউ কমিটি গঠিত হয়েছে। পাশাপাশি, ৫ লক্ষাধিক ওএমআর শিট তিনবার স্ক্যান করতে গিয়ে জটিলতা তৈরি হওয়া, বিধানসভা ভোটের পর চেয়ারম্যান ও পাঁচ জোনের আধিকারিকদের ইস্তফা এবং ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতিগত অস্পষ্টতার কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে।
নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে কমিশনের এই অতিরিক্ত সময় চাওয়ার পদক্ষেপে বঞ্চনার শিকার চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, দীর্ঘসূত্রিতা এড়িয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করে যোগ্য প্রার্থীদের চাকরি নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে, এসএসসির দাবি অনুযায়ী নবম-দশমের ইন্টারভিউ তালিকা প্রস্তুত এবং একাদশ-দ্বাদশের প্যানেল চূড়ান্ত হওয়ার পাশাপাশি ৩৩টি বিষয়ের মধ্যে ২১টির কাউন্সেলিং সম্পন্ন করে ৩৫৮৬ জনের সুপারিশ পাঠানো হয়েছে। এর আগে একবার ডেডলাইন বাড়ানো হলেও কাজ পুরোপুরি শেষ না হওয়ায়, এই নতুন সময়সীমা বৃদ্ধির আর্জি সংক্রান্ত শুনানিতে শীর্ষ আদালত কী রায় দেয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।