মহাবিপদের মুখে নেপাল: পাহাড়ে জমছে কোটি কোটি গ্যালন জল, চিনের লাল সতর্কতা

মহাবিপদের মুখে নেপাল: পাহাড়ে জমছে কোটি কোটি গ্যালন জল, চিনের লাল সতর্কতা

সাম্প্রতিক হিমবাহ ধস ও হড়পা বানের ক্ষত শুকাতে না শুকাতেই নেপালের জন্য নেমে এল নতুন বিপর্যয়। পাহাড়ি উপত্যকায় ফের জোরালো হচ্ছে ধ্বংসের আশঙ্কা। স্যাটেলাইট চিত্রে পাহাড়ের খাঁজে বিপজ্জনকভাবে জল জমে থাকার দৃশ্য ধরা পড়ার পর নেপালকে সতর্ক করেছে চিন।

চিনের জলসম্পদ মন্ত্রক ও সংবাদসংস্থা শিনহুয়া জানিয়েছে, আগের হিমবাহ ধসের ফলে সৃষ্ট হ্রদের ঠিক ওপরে আরও একটি অত্যন্ত বিপজ্জনক ও অস্থায়ী জলাধার তৈরি হয়েছে।

এই নতুন হ্রদে প্রায় ৩৭ কোটি গ্যালন জল আটকে রয়েছে, যা বের হতে পারছে না। ক্রমাগত জল বাড়তে থাকায় যেকোনো মুহূর্তে এই হ্রদের বাঁধ ভেঙে বা জল উপচে পড়ার মারাত্মক আশঙ্কা তৈরি হয়েছে। এমনটা হলে নিমেষের মধ্যে প্রলয়ঙ্করী বানে নেপালের বিস্তীর্ণ অঞ্চল ভেসে যেতে পারে।

নিচের হ্রদটি দিয়ে নদীর মাধ্যমে জল স্বাভাবিকভাবে নামতে পারলেও, ওপরের এই বিশাল জলাধারটি বিশেষজ্ঞদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি বিবেচনা করে নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ ইতোমধ্যে গোটা অঞ্চলে সতর্কবার্তা জারি করেছে এবং উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। চিনের এই সতর্কতার পর থেকেই পাহাড়ি এলাকায় নতুন করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *