“সমবায়ই চতুর্থ স্তম্ভ, রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে উন্নয়ন আসাম্ভব”: রাজ্য সরকারকে বিঁধে সুর চড়ালেন শুভেন্দু

“সমবায়ই চতুর্থ স্তম্ভ, রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে উন্নয়ন আসাম্ভব”: রাজ্য সরকারকে বিঁধে সুর চড়ালেন শুভেন্দু

পশ্চিমবঙ্গে সমবায় আন্দোলন চরম অবহেলা ও রাজনৈতিক হস্তক্ষেপের শিকার— উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘উত্তর ২৪ পরগনা মহিলা সমবায় ক্রেডিট সোসাইটি লিমিটেড’-এর ৩৫তম প্রতিষ্ঠা দিবসে শুভেন্দু দাবি করেন, রাজ্যে ৬ হাজারের বেশি সমবায় সমিতির মধ্যে প্রায় ২ হাজারই বর্তমানে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে।

সমবায় ক্ষেত্রের বর্তমান বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, দীর্ঘ ১২ বছর ধরে রাজ্য সমবায় ব্যাঙ্কের কোনো নির্বাচনই হয়নি। তৃণমূলের বিগত ১৫ বছরের শাসনকালে সমবায় আন্দোলনকে পুরোপুরি অবহেলা করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, কেন্দ্র, রাজ্য ও স্থানীয় প্রশাসনের পর সমবায়ই হলো শাসন ব্যবস্থার ‘চতুর্থ স্তম্ভ’। সমবায় ব্যবস্থাকে রাজনৈতিক দলীয় প্রভাব থেকে মুক্ত রাখা গেলে এটি রাজ্যের জন্য একটি মজবুত বিকল্প অর্থনীতি তৈরি করতে পারে।

তিনি আরও উল্লেখ করেন যে, সমবায় ব্যবস্থার সঠিক উন্নতি হলে রাজ্যে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং নারী ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। উদাহরণ হিসেবে তিনি হাওড়ার সাঁকরাইলে আমূলের ৬০০ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগের কথা তুলে ধরেন।

নিজের দীর্ঘদিনের সমবায় পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী পরামর্শ দেন, সমবায় প্রতিষ্ঠানগুলিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হওয়া অত্যন্ত প্রয়োজন। সমবায়কে রাজনীতি মুক্ত করে পরিচালনা করা সম্ভব হলে রাজ্য জুড়ে কর্মসংস্থান ও শিল্পোন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *