কলকাতায় সকাল থেকেই ঝুম বৃষ্টি! দক্ষিণ থেকে উত্তরে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

কলকাতায় সকাল থেকেই ঝুম বৃষ্টি! দক্ষিণ থেকে উত্তরে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে আজ দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড়বৃষ্টি চলতেই থাকবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল ও বঙ্গোপসাগর এলাকা জুড়ে একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। এর প্রভাবেই আজ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।

তবে বুধ ও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের দাপট কিছুটা কমবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটি ভিন্ন— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি জারি থাকতে পারে।

ঝড়বৃষ্টির সময় নিচু এলাকাগুলোতে জল জমতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। তবে সমুদ্রের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের যাতায়াতে আর কোনো বাধা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *