ভিনগ্রহে আস্তানা গড়বে ভারত! চাঁদ-মঙ্গলে মানুষের স্বপ্নের বাড়ি ‘ভীম’-এর নকশা ফাঁস করলেন শুভাংশু শুক্লা

মহাকাশযানের সফর শেষে চাঁদ বা মঙ্গলের মাটিতে মানুষ কোথায় থাকবে? এই জটিল প্রশ্নের সহজ উত্তর খুঁজতে অভিনব কনসেপ্ট নিয়ে হাজির হয়েছেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভিনগ্রহে মানুষের বাসযোগ্য ঠিকানার একটি নতুন রূপরেখা তৈরি করেছেন তিনি, যার নাম দেওয়া হয়েছে ‘ভীম’ বা ‘ভারতীয় হ্যাবিটেবল এক্সপ্যান্ডেবল এক্সট্রাটেরেস্ট্রিয়াল হ্যাবিটেট’। রাশিয়া থেকে ফিরে ভারতে প্রশিক্ষণ চলাকালীন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অলোক ল্যাবে এই গবেষণার সূত্রপাত হয়। ভবিষ্যতের মহাকাশ অভিযান নিয়ে অ্যাকাডেমিক গবেষণার অংশ হিসেবে গন্তব্যে নামার পর মানুষের থাকার জায়গা নিয়ে কাজ শুরু করেন তিনি।
মহাকাশে পৌঁছনোর পর চরম মহাজাগতিক বিকিরণ, তাপমাত্রার বিপুল হেরফের এবং রুক্ষ পরিবেশ সামলে নিখুঁত লাইফ-সাপোর্ট সিস্টেম গড়ে তোলা এক বিরাট প্রযুক্তিগত চ্যালেঞ্জ। গগনযান প্রকল্পের হাত ধরে মহাকাশে মানুষ পাঠানোর পর ভারতের মূল লক্ষ্য হবে চাঁদ ও মঙ্গল গ্রহ। ভবিষ্যতের সেই সুদূরপ্রসারী স্বপ্নের ভিত গড়তেই এই প্রকল্পের অবতারণা। শুভাংশুর দ্ব্যর্থহীন বার্তা, আজ থেকে কুড়ি বছর পর পৃথিবীর বাইরে বসতি গড়তে চাইলে গবেষণার কাজ আজ থেকেই শুরু করতে হবে।