৭ মাসে ১৫ হাজারেরও বেশি শিশু নিখোঁজ বাংলাদেশে! উদ্বেগজনক পরিসংখ্যান ঘিরে চাঞ্চল্য

৭ মাসে ১৫ হাজারেরও বেশি শিশু নিখোঁজ বাংলাদেশে! উদ্বেগজনক পরিসংখ্যান ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। গত সাত মাসে দেশজুড়ে ১৫,৭১৭টি শিশু নিখোঁজের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে কতজন শেষ পর্যন্ত বাড়ি ফিরে এসেছে, তার সঠিক কোনো পরিসংখ্যান আপাতত সরকারের হাতে নেই।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সরকারের কাজের অগ্রগতি তুলে ধরে এই তথ্য জানান বাংলাদেশের তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদ উর রহমান।

উপদেষ্টা জাহিদ জানান, গত সাত মাসে ১৫,৭১৭টি শিশু নিখোঁজের জিডি নথিভুক্ত হয়েছে। যেখানে এর আগের সাত মাসে (২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত) এই সংখ্যাটি ছিল ১৩,৮৭৬। পরিসংখ্যান স্পষ্ট করছে যে, আগের ৭ মাসের তুলনায় পরবর্তী ৭ মাসে শিশু নিখোঁজের ঘটনায় জিডির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে জিডির এই বাড়তি সংখ্যা দেখে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরমর্শ দিয়েছেন উপদেষ্টা। তাঁর মতে, শিশু নিখোঁজ হলে পরিবার স্বাভাবিকভাবেই পুলিশে জিডি করে। কিন্তু জিডি হওয়া মানেই শিশুটি চিরতরে হারিয়ে গেছে—এমনটা নয়। নিখোঁজ হওয়া শিশুদের একটি বড় অংশই পরবর্তীতে পরিবারের কাছে ফিরে আসে এবং বিভিন্ন সংবাদমাধ্যমেও এর ফলোআপ প্রতিবেদন প্রকাশিত হয়।

যদিও শিশু নিখোঁজের সঠিক হিসাব নিয়ে স্পষ্ট একটা ঘাটতির কথা মেনে নিয়েছেন জাহিদ উর রহমান। তিনি জানান, ঠিক কতজন শিশু এখনও পরিবারের কাছে ফিরতে পারেনি, সেই সংক্রান্ত নিখুঁত ও পূর্ণাঙ্গ ডেটা সরকারের কাছে এই মুহূর্তে নেই। জিডির সংখ্যা এবং প্রকৃতপক্ষে হারিয়ে যাওয়া শিশুর সংখ্যা যে এক নয়, সেটাই স্পষ্ট করতে চেয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *