ডুবে যাবে কলকাতা-মুম্বই! বিশ্ব উষ্ণায়নের ভয়ংকর গ্রাসে ঠিকানা হারাবেন ১ কোটি মানুষ?

বিশ্ব উষ্ণায়নের জেরে রেকর্ড গতিতে বাড়ছে সমুদ্রের জলস্তর, যার ফলে অদূর ভবিষ্যতে মানচিত্র থেকে তলিয়ে যেতে পারে কলকাতা ও মুম্বইয়ের মতো মেগাসিটি। সম্প্রতি রাষ্ট্রসংঘের প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, হিমবাহ গলন এবং সমুদ্রের জল গরম হয়ে ওঠার কারণে দক্ষিণ এশিয়ার নিচু ব-দ্বীপ অঞ্চলগুলিতে ভয়াবহ বিপর্যয় ঘনিয়ে আসছে। বিশেষ করে কলকাতা, মুম্বই এবং ঢাকার উপকূলীয় এলাকার প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষ চরম বাস্তুচ্যুতির মুখে পড়তে চলেছেন। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত বছরে গড়ে ৪.৭ মিলিমিটার করে সমুদ্রের জল বাড়লেও, ২০২৪ সালে তা একধাক্কায় ৫.৯ মিলিমিটারে পৌঁছয়। বিশ্বের প্রায় ৭৭ কোটি মানুষ সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ মিটারের কম উচ্চতায় বসবাস করায় এই সংকট এখন চরম রূপ নিয়েছে।
এই জলস্তর বৃদ্ধির ফলে কেবল বসতি হারানোই নয়, উপকূলীয় অঞ্চলে দেখা দেবে বহুমুখী সংকট। রাষ্ট্রসংঘের সতর্কবার্তায় বলা হয়েছে, সমুদ্রের নোনা জল ঢুকে পানীয় জলের উৎস নষ্ট হওয়ার পাশাপাশি গ্রাস করবে উর্বর চাষের জমি। এর সরাসরি প্রভাব পড়বে বন্দরভিত্তিক অর্থনীতি, মৎস্যজীবী সমাজ এবং ছোট পর্যটন ব্যবসার ওপর, যা ধ্বংসের মুখে ঠেলে দেবে লক্ষ লক্ষ মানুষের জীবনজীবিকা। উন্নত দেশগুলিতে পরিকাঠামোগত আর্থিক ক্ষতি হলেও, কলকাতা ও মুম্বইয়ের মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলিতে মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা সবচেয়ে বেশি। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে দ্রুত বৈশ্বিক পদক্ষেপ না করলে আগামী দিনে উপকূলবর্তী শহরগুলির অস্তিত্ব রক্ষা করা আসাম্ভব হয়ে পড়বে।