মাদক কারবারীদের হুঁশিয়ারি! বালুরঘাটে বুলডোজার চালিয়ে কোটি টাকার নেশাদ্রব্য ধ্বংস

মাদক কারবারীদের হুঁশিয়ারি! বালুরঘাটে বুলডোজার চালিয়ে কোটি টাকার নেশাদ্রব্য ধ্বংস

বালুরঘাট: দেশজুড়ে কেন্দ্র সরকারের ‘নেশামুক্ত ভারত’ অভিযানকে গতি দিতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক অভিনব কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া প্রায় ২ লক্ষ নিষিদ্ধ ফেনসিডিলের শিশির ওপর রোলার চালিয়ে সেগুলিকে ধ্বংস করেন তিনি। এই কর্মসূচিতে তাঁর পাশে দেখা যায় বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে অতীতে এভাবেই বেআইনি মদের বোতল ও মাদক নষ্ট করতে দেখা যেত, এবার বাংলাতেও দেখা গেল একই দৃশ্য।

রাজ্যে সরকার পরিবর্তনের পর গত চার মাসে বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলা থেকে বিপুল পরিমাণ বেআইনি নেশাদ্রব্য উদ্ধার করেছে প্রশাসন। সেগুলিকেই এদিন প্রতীকী হিসেবে বিনষ্ট করা হয়।

কর্মসূচিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারত গঠনের ডাক বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি। বিগত দিনে সীমান্ত এলাকায় পুলিশ ও বিএসএফের মধ্যে সঠিক সমন্বয়ের অভাব থাকলেও, নতুন সরকার আসার পর যৌথ অভিযানের মাধ্যমেই এই সাফল্য মিলেছে। মাদক কারবারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আইন অনুযায়ী দীর্ঘ সময় জেল খাটতে হবে।

এদিন বালুরঘাটে একগুচ্ছ কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। কর্মসূচি শেষে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাসভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন তিনি। এরপর বালুরঘাট বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শনের পাশাপাশি জেলায় একটি নতুন মেডিকেল কলেজ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *