উপত্যকায় ফের পণ্ডিতদের হুমকি! ‘সবাই সুরক্ষিত থাকলে শুধু এরাই কেন নিশানা?’ বিস্ফোরক ফারুক আবদুল্লা

উপত্যকায় ফের পণ্ডিতদের হুমকি! ‘সবাই সুরক্ষিত থাকলে শুধু এরাই কেন নিশানা?’ বিস্ফোরক ফারুক আবদুল্লা

জম্মু-কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশ্য করে নতুন করে জঙ্গি হুমকির চিঠি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উপত্যকায় যারা ফিরে এসে বসবাস করছেন বা নির্দিষ্ট কর্মসূচি পালন করছেন, তাঁদের লক্ষ্য করে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মুখ খুলে গোটা ঘটনাটিকে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। অনন্তনাগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন তোলেন, উপত্যকায় যদি ভিন রাজ্যের অন্যান্য হিন্দু ও উচ্চপদস্থ আধিকারিকরা সম্পূর্ণ সুরক্ষিত থাকতে পারেন, তবে শুধু কাশ্মীরি পণ্ডিতদেরই কেন বারবার নিশানা করা হচ্ছে?

পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ফারুক আবদুল্লার দাবি, এই ধরনের পরিকল্পিত হুমকি আসলে উপত্যকায় ভয়ের পরিবেশ কায়েম করার একটি কূটচাল। জম্মু-কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের নিয়ন্ত্রণ সরাসরি লেফটেন্যান্ট গভর্নরের হাতে থাকায়, এই চিঠিগুলির উৎস কোথায় তা নিয়ে প্রশাসনের কাছে জবাবদিহি চেয়েছেন তিনি। এদিকে আহমেদ বিলাল নামের এক ব্যক্তির স্বাক্ষরযুক্ত ওই হুমকি চিঠিগুলি সামনে আসার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লস্কর-ই-তইবার প্রচ্ছন্ন ফ্রন্ট ‘ইউনাইটেড লিবারেশন কাউন্সিল’-এর পক্ষ থেকেই এই আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে, যার জেরে উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *