ভুয়ো পরিচয়ে চালাতেন হাসপাতাল, স্পাইন ও ব্রেনের অস্ত্রোপচার করে ৮ বছরের জেলের সাজা ভণ্ড ডাক্তারের!

ভুয়ো পরিচয়ে চালাতেন হাসপাতাল, স্পাইন ও ব্রেনের অস্ত্রোপচার করে ৮ বছরের জেলের সাজা ভণ্ড ডাক্তারের!

চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে স্পাইন ও ব্রেনের মতো জটিল অস্ত্রোপচার পরিচালনা এবং রোগীমৃত্যুর চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত বজলুর রহমানকে ৮ বছরের কারাদণ্ড দিল আদালত। বুধবার বারাসাত আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ তৃতীয় কোর্টের বিচারক এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। ২০২০ সালে বারাসাতের এক রোগীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে প্রকাশ পায় যে, ধৃত বজলুর রহমান নিজেকে স্পাইন বিশেষজ্ঞ হিসেবে জাহির করে চিনারপার্কে একটি সম্পূর্ণ বেসরকারি হাসপাতাল চালাতেন। শুধু তাই নয়, জাল শংসাপত্র ও অন্য চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তিনি বিভিন্ন নার্সিংহোমে নিয়মিত অস্ত্রোপচার করতেন।

পুলিশের তদন্তে উঠে আসে, প্রতারণা, জাল নথি ব্যবহার এবং অনিচ্ছাকৃত খুনের অভিযোগে জর্জরিত ওই ব্যক্তির ভুল চিকিৎসার কারণে বহু রোগীর জীবন বিপন্ন হয়েছিল। সোমবার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করার পর, এদিন ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় ৮ বছর, ৪২০ ধারায় ৫ বছর এবং ৪৭১ ধারায় ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। বিচারক জানান যে সমস্ত সাজা একসঙ্গে কার্যকর হবে। সরকারি আইনজীবী সন্দীপ ভট্টাচার্য জানিয়েছেন, সাজাপ্রাপ্ত ব্যক্তি সম্পূর্ণ ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ধরে এই বেআইনি কার্যক্রম চালিয়ে আসছিলেন। এই কঠোর রায় ভুয়ো চিকিৎসকদের দৌরাত্ম্য দমনে একটি কড়া বার্তা দেবে বলে মনে করছে সচেতনমহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *