৩০০ ফুট ওপরে বাদশার আবদার! পোস্ত-কুমড়ো ভাজা না পেলে নামবেন না?

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে বুধবার এক অত্যন্ত চাঞ্চল্যকর ও অদ্ভূত ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। মানসিক ভারসাম্যহীন এক যুবক প্রায় ৩০০ ফুট উঁচুতে বিএসএনএলের একটি মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে পড়েন এবং অদ্ভুত সব শর্ত জুড়ে বসে পড়েন। দীর্ঘক্ষণ ধরে পুলিশ ও উদ্ধারকারী দল তাঁকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা করলেও তিনি গোঁয়ার্তুমি বজায় রাখেন। অবশেষে পোস্ত দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা খাওয়া এবং হেলিকপ্টার চড়ার আজব আবদার মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পরই তাঁর মন গলানো সম্ভব হয়।
দমকল, বনদপ্তর, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পর্বতারোহীদের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ আট থেকে দশ ঘণ্টার কঠোর অভিযানের পর অবশেষে ওই যুবককে নিরাপদে নিচে নামানো হয়। উদ্ধার হওয়া যুবকের নাম বাদশা। তাঁকে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর শারীরিক ও মানসিক চিকিৎসা চলছে। এই আকস্মিক ও রোমহর্ষক ঘটনায় গোটা শিলিগুড়ি শহরজুড়ে ব্যাপক শোরগোল ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।