প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার বিতর্ক, রক্ষাকবচ পেলেও ভরা আদালতে কড়া ভর্ৎসনার মুখে শ্রীলেখা মিত্র

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার বিতর্ক, রক্ষাকবচ পেলেও ভরা আদালতে কড়া ভর্ৎসনার মুখে শ্রীলেখা মিত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর কার্টুন প্রদর্শনের ঘটনায় সাময়িক আইনি স্বস্তি পেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত ২৪ জুলাই ধর্মতলায় ছাত্র মিছিল থেকে হিংসা ছড়ানো এবং প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি প্রদর্শনের অভিযোগে তাঁর বিরুদ্ধে আনন্দপুর থানা, বিধাননগর সাইবার ক্রাইম থানা ও মুচিপাড়া থানায় একাধিক ফৌজদারি মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা খারিজের আবেদন জানালে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিনেত্রীকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষ অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ প্রদান করেন। আদালতের স্পষ্ট নির্দেশ, অনুমতি ছাড়া অভিনেত্রীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না এবং তদন্তকারী সংস্থাকে হাজিরা দেওয়ার ক্ষেত্রে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে।

শুনানিপর্বে শ্রীলেখার ওই আচরণকে তীব্র ভর্ৎসনা করে আদালত জানায়, কাজটি অত্যন্ত রুচিহীন এবং দেশের কোনও বিচক্ষণ নাগরিকের এমন আচরণ করা উচিত নয়। যদিও অভিনেত্রীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন যে, এই আচরণ ফৌজদারি অপরাধের আওতাভুক্ত নয়। অন্যদিকে আদালতের পর্যবেক্ষণ, মামলাটি এই পর্যায়ে খারিজ করলে ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর কাজের প্রবণতা উৎসাহিত হতে পারে। আদালত রাজ্যকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি শ্রীলেখাকে তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছে। তদন্তে অসহযোগিতা করলে এই রক্ষাকবচ প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছে আদালত। आगामी শুনানিতে তদন্তকারী সংস্থাকে অগ্রগতির বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *