ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নেপাল, এবার তীব্র ভূমিকম্পে কাঁপল তিব্বত! বড় বিপদের আশঙ্কা কি ঘনাচ্ছে?

জলপ্রলয়ের ক্ষত শুকোনোর আগেই রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, এই কম্পনের উৎসের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এখনও পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে নেপালের ভয়াবহ বিপর্যয়ের মাঝেই তিব্বতের এই ভূকম্পন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তিব্বত অঞ্চলে ছোট-বড় কম্পন নতুন না হলেও, বর্তমান পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
অন্যদিকে, ত্রিশূলী ও ভোটকোসি নদীর ধ্বংসলীলায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২০৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় চার হাজার দুইশ মানুষ। ভঙ্গুর অর্থনীতি ও চরম বিপর্যয়ের মুখে থাকা নেপাল সরকার এই পরিস্থিতিতে ভারত ও চিনের কাছে ক্ষতিপূরণ চেয়েছিল, যা নিয়ে কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। পাশাপাশি, হিমবাহ গলে সিকিমেও হড়পা বানের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। পশ্চিম সিকিমে ইতিমধ্যেই ভূমিধসের জেরে যান চলাচল ব্যাহত হওয়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।