মোবাইল থেকেই লক করুন বায়োমেট্রিক ডেটা, আরও সুরক্ষিত রাখুন আপনার পরিচয়পত্র!

আধারের সঙ্গে যুক্ত বায়োমেট্রিক তথ্যের নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের মনে নানা চিন্তা থাকে। আঙুলের ছাপ, চোখের আইরিস বা মুখের ছবির মতো সংবেদনশীল তথ্য যাতে আপনার অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে না পারে, তার জন্য রয়েছে বিশেষ ‘Biometric Lock’ সুবিধা। তবে এই ফিচারটি সঠিক উপায়ে কী ভাবে ব্যবহার করতে হয়, তা অনেকেরই অজানা।
কী এই বায়োমেট্রিক লক? এই ফিচারের মাধ্যমে আধারের সঙ্গে যুক্ত ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ফেস অথেন্টিকেশন সাময়িক ভাবে বন্ধ রাখা যায়। একবার বায়োমেট্রিক লক করে দিলে, তা পুনরায় আনলক না করা পর্যন্ত ওই তথ্য ব্যবহার করে কেউ পরিচয় যাচাই করতে পারবে না।
এই সুবিধা পেতে হলে আধারের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্টার থাকা বাধ্যতামূলক। লক করা বায়োমেট্রিক দিয়ে কেউ ভেরিফিকেশন করতে গেলে তা ব্যর্থ হবে এবং ‘330’ এরর কোড দেখাবে।
অ্যাপ থেকে বায়োমেট্রিক লক করার প্রক্রিয়া:
- প্রথমে অফিশিয়াল আধার অ্যাপ খুলে ৬ সংখ্যার পিন দিয়ে লগইন করতে হবে।
- হোম স্ক্রিনে আধার কার্ডের ঠিক নীচে থাকা ‘Biometric Lock/Unlock’ অপশনে ট্যাপ করতে হবে।
- এরপর তা কনফার্ম করলেই বায়োমেট্রিক লক হয়ে যাবে।
- বিকল্প হিসেবে অ্যাপের ‘Security’ অপশনে গিয়েও একই প্রক্রিয়ায় বায়োমেট্রিক লক বা আনলক করা সম্ভব।
কেন এই ফিচার ব্যবহার করবেন? আধার-ভিত্তিক বিভিন্ন পরিষেবা ও ভেরিফিকেশনের জন্য বায়োমেট্রিক তথ্য ব্যবহৃত হয়। তাই অপ্রয়োজনীয় সময়ে এটি লক করে রাখলে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস সংক্রান্ত জালিয়াতি এবং তথ্য চুরির ঝুঁকি অনেকটাই কমে যায়। যখনই আপনার বায়োমেট্রিক দিয়ে আধার যাচাইয়ের প্রয়োজন পড়বে, অ্যাপে গিয়ে সহজেই তা আবার আনলক করে নিতে পারবেন।