জন্মাষ্টমীতে রাশি মিলিয়ে গোপালের পুজো! কোন উপায়ে মিলবে অপার সুখ ও সমৃদ্ধি?
September 4, 20266:33 pm

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রিয় উৎসব জন্মাষ্টমী। সংসারে অধর্মের নাশ করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাঁর জন্মতিথি পালন করতেই উদযাপিত হয় জন্মাষ্টমী। এই দিনে উপোস করে, মন্দিরে গিয়ে পুজো দিয়ে নানা আচার পালন করেন অনেকেই। তেমনই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নিজের রাশি অনুযায়ী শ্রীকৃষ্ণের আরাধনা করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্য বৃদ্ধি পেতে পারে বলে বিশ্বাস করা হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী শ্রীকৃষ্ণের পুজো করলে শুভ ফল পাওয়া যেতে পারে। মেষের জন্য লাল, বৃষের জন্য সাদা, মিথুন-কন্যার জন্য সবুজ এবং ধনু-মীনের জন্য হলুদ রং অত্যন্ত শুভ। একই ভাবে রাশি ভেদে বিশেষ অভিষেক, পোশাক ও ভোগ নিবেদনের পরামর্শ দেওয়া হয়েছে।
মেষ থেকে মীন রাশি অনুযায়ী গোপাল পুজোর নিয়ম:
- মেষ রাশি: রাধা-কৃষ্ণের মূর্তিকে জল দিয়ে স্নান করিয়ে মাখন, দই ও দুধের মতো দুগ্ধজাত খাবার নিবেদন করুন। পুজোর সময় লাল রঙের পোশাক ও গয়না দিয়ে ঠাকুরকে সাজাতে পারেন।
- বৃষ রাশি: এই রাশির জাতকরা গোপালকে সাদা পোশাক ও রুপোর গয়নায় সাজিয়ে পুজো করুন। দুধ, জল, মধু, দই ও চিনি মিশিয়ে রাধা-কৃষ্ণের অভিষেক করলে জীবনে সমৃদ্ধি আসবে।
- মিথুন রাশি: সবুজ পোশাক ও রুপোর গয়না দিয়ে গোপালকে সাজিয়ে পুজো করুন। দুধ দিয়ে অভিষেকের পর কলা ও শুকনো ফল নিবেদন করতে পারেন।
- কর্কট রাশি: রাধা-কৃষ্ণকে কেশর জল দিয়ে স্নান করিয়ে নারকেলের তৈরি মিষ্টি নিবেদন করুন। পুজোর সময় সাদা পোশাক পরা শুভ বলে মনে করা হয়।
- সিংহ রাশি: লাল বা গোলাপি পোশাক পরে গোপালের পুজো করুন। গঙ্গাজলে মধু মিশিয়ে শ্রীকৃষ্ণের অভিষেকের পর অশ্বগন্ধার তিলক লাগাতে পারেন এবং গুড় নিবেদন করুন।
- কন্যা রাশি: ঘি ও দুধ দিয়ে রাধা-কৃষ্ণের অভিষেক করে তুলসীপাতার সঙ্গে শুকনো ফল, এলাচ ও লবঙ্গ নিবেদন করুন। পুজোর সময় সবুজ পোশাক পরুন, এতে শান্তি ও সুখ বজায় থাকবে।
- তুলা রাশি: দুধ ও মধু দিয়ে রাধা-কৃষ্ণের অভিষেক করুন। সাদা পোশাক পরে গোপালকে চন্দনের তিলক লাগিয়ে দুধ ও কলা দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করুন।
- বৃশ্চিক রাশি: দুধ, চিনি, মধু, দই ও জল দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করুন। গুড় ও নারকেল নিবেদন করে লাল পোশাক পরে জন্মাষ্টমীর পুজো করতে পারেন।
- ধনু রাশি: বৃহস্পতির অধীন এই রাশির জাতকরা হলুদ পোশাক পরে গোপালের পুজো করুন। দুধ ও মধু দিয়ে অভিষেক করে কলা ও পেয়ারা নিবেদন করুন।
- মকর রাশি: গঙ্গাজল দিয়ে রাধা-কৃষ্ণের অভিষেক করুন। পুজোর সময় বাদামি বা নীল পোশাক পরতে পারেন। শ্রীকৃষ্ণকে মিষ্টি পান নিবেদন করলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ও সমৃদ্ধি আসবে।
- কুম্ভ রাশি: শনির প্রভাবাধীন এই রাশির জাতকরা বাদামি বা নীল পোশাক পরে লাড্ডু গোপালের পুজো করুন। মধু, দুধ, দই, চিনি ও জল দিয়ে অভিষেকের পর কাজুবাদাম-সহ লাল রঙের দুধের মিষ্টি নিবেদন করতে পারেন।
- মীন রাশি: এই রাশির জাতকরা মধু, দুধ, দই, ঘি ও চিনি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করুন। গোপালকে হলুদ পোশাকে সাজিয়ে আরাধনা করলে শুভ ফল পাওয়া যায়।