‘প্রয়োজনে বাংলা থেকে দিল্লি আন্দোলন’, ফেসবুক লাইভে বিজেপিকে তীব্র তোপ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি বঙ্গ-বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করলেন। বৃহস্পতিবার একটি ফেসবুক লাইভে এসে তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন।
মমতার হুঁশিয়ারি ও অভিযোগ: দিল্লির সাম্প্রতিক ‘জেন-জি’ আন্দোলনের প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আপনারা জেন-জি আন্দোলন দেখেছেন, কিন্তু ইয়ং বেঙ্গল আন্দোলন দেখেননি। অপেক্ষা করুন, প্রয়োজন পড়লে বাংলা থেকে দিল্লি পর্যন্ত আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলব।” রাজ্যে বিরোধীদের ওপর অত্যাচার বন্ধ না হলে বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্নায় বসারও হুঁশিয়ারি দেন তিনি।
মমতার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে দুষ্কৃতীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, যার ফলে বিজেপির প্রকৃত এবং আদি কর্মীরা দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তিনি আরও দাবি করেন, তৃণমূলের প্রায় চার হাজার পার্টি অফিস লুট করা হয়েছে এবং তাঁকে নিজের বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। মোদী-শাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাদের দলের ভেতরে কী চলছে, তার খোঁজ নিন। নিজেদের জমি হারাচ্ছেন আপনারা।”
বিজেপির পাল্টা কটাক্ষ: তৃণমূল নেত্রীর এই বার্তাকে অবশ্য বিশেষ আমল দিতে নারাজ বিজেপি। উলটে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছে পদ্ম শিবির। বঙ্গ-বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “উনার এখন অখণ্ড অবসর। এত চিন্তা না করে ওঁর উচিত এখন ছবি আঁকা বা কবিতা লেখায় মন দেওয়া। উনি কী বলছেন, তা প্রধানমন্ত্রী বা সাধারণ মানুষ—কেউই শুনছেন না।”
রাজ্যের এক বিজেপি মন্ত্রীও মমতাকে খোঁচা দিয়ে বলেন, “বিজেপির গঠনতন্ত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে না। তার চেয়ে উনি বরং ভাবুন, নিজের দলের প্রতীক তিনি নিজের দখলে রাখতে পারবেন কি না।”