পচা আলু-সবজি দিয়ে কাসুন্দি-সস তৈরি! বাগদার কারখানায় হানা দিয়ে চোখ কপালে তুলল প্রশাসন

পচা আলু-সবজি দিয়ে কাসুন্দি-সস তৈরি! বাগদার কারখানায় হানা দিয়ে চোখ কপালে তুলল প্রশাসন

বাগদার একটি সস তৈরির কারখানায় হানা দিয়ে ড্রাম ভর্তি পচা আলু, নষ্ট সবজি ও ছত্রাক ধরা সস উদ্ধার করেছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। এই নিম্নমানের ও পচা উপকরণ ব্যবহার করেই বাজারে বিক্রির জন্য সস এবং কাসুন্দি তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ।

চলমান রাজ্য খাদ্য সুরক্ষা সপ্তাহের অংশ হিসেবে বাগদা থানার সিন্দানি গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া এলাকায় ‘কৃষানু ফ্রুট প্রোডাক্ট’ নামক ওই কারখানায় যৌথ অভিযান চালানো হয়। অ্যান্টি করাপশন ব্যুরো, জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি), খাদ্য সুরক্ষা দফতর, বাগদা থানা এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা এই অভিযানে অংশ নেন। কারখানার ভিতরে প্রবেশ করতেই ড্রামের মধ্যে পচা আলু ও পচা আদা দেখতে পান আধিকারিকেরা। এছাড়া বেশ কিছু কন্টেনারে ছত্রাক জমে থাকতেও দেখা যায়।

অভিযানের সময় বিপুল পরিমাণ সস, কাসুন্দি, ভিনিগার এবং চাউমিনসহ বিভিন্ন প্যাকেটজাত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

ঘটনার সময় কারখানার মালিক নির্মল বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন না এবং তিনি পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি, কারখানার বৈধ লাইসেন্স ও খাদ্য উৎপাদনের অনুমোদন ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। অভিযানের পর পরই কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *