আরএসএসের অনুষ্ঠানে যোগ দিয়ে সাসপেন্ড ২ শিক্ষক! আদালতে গিয়েই পাল্টা চাল?

কর্নাটকে আরএসএসের শোভাযাত্রায় অংশ নেওয়ার অপরাধে গুরুরাজ জোশী ও আন্না সাহেব দেশমুখ নামে দুই সরকারি শিক্ষককে বরখাস্ত করেছিল ইয়াদগির জেলা প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় সংঘসেবকের পোশাক পরা ছবি ছড়িয়ে পড়ার পর, সরকারি কর্মী চাকরির বিধিভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কালবুর্গির কর্নাটক অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনালের দ্বারস্থ হন ওই দুই শিক্ষক। ট্রাইব্যুনাল আপাতত সেই বরখাস্তের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করায় স্বস্তি পেয়েছেন তাঁরা।
ট্রাইব্যুনালে শিক্ষকরা যুক্তি দেন, অনুষ্ঠানটি রাজনৈতিক নয়, বরং সাংস্কৃতিক ছিল এবং তা অনুষ্ঠিত হয়েছিল ছুটির দিন রবিবারে। ফলে কাজের সময়ের বাইরে উপস্থিত থাকা নিয়ে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। আপাতত নিজেদের নির্দোষ প্রমাণের সুযোগ পাচ্ছেন তাঁরা। রাজ্য জুড়ে আরএসএসের কার্যক্রম নিয়ন্ত্রণে সক্রিয় কংগ্রেস সরকারের জন্য ট্রাইব্যুনালের এই আইনি ধাক্কা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।