একটি বিতর্কিত মন্তব্যে শোরগোল, কেরলের প্রগতিশীল বার্তা দিয়ে তীব্র বিপাকে মুখ্যমন্ত্রী

বর্ষীয়ান মুসলিম ধর্মগুরু তথা গ্র্যান্ড মুফতি কন্ঠপুরম এপি আবুবকর মুসলিয়ারের “নারীদের ঘরবন্দি থাকা উচিত” সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের প্রকাশ্যে সমালোচনা করে তীব্র চাপে পড়েছেন কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ১৯ শতকের এই পিছিয়ে পরা মানসিকতা বর্জনের ডাক দিয়ে তিনি জানান, প্রগতিশীল সমাজ গঠনে নারীদেরও সমভাবে অংশ নেওয়া জরুরি। উদাহরণ হিসেবে তিনি ইসলামের ইতিহাস থেকে হজরত মহম্মদের স্ত্রীদের স্বাধীনতা ও সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন।
তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য একেবারেই ভালোভাবে নেয়নি রাজ্যের একাধিক প্রভাবশালী সংখ্যালঘু সংগঠন। ‘সমস্ত কেরল জামেয়াতুল উলেমা’-সহ একাধিক সংগঠনের নেতাদের দাবি, শরিয়তের মতো ধর্মীয় বিষয়ে মুখ্যমন্ত্রীর আসন থেকে এই ধরনের মন্তব্য করা অনুচিত। মুসলিম সমাজের একাংশের এমন কড়া সমালোচনার মুখে পড়ে অবশেষে পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসতে হয়েছে মুখ্যমন্ত্রীকে, যা কেরলের রাজনৈতিক ও সামাজিক মহলে এক বেনজির টানাপোড়েন সৃষ্টি করেছে।