নদী না যেন ডাস্টবিন! একা হাতেই ভোল বদলে দিলেন এই ২০ বছরের তরুণ, নেটপাড়ায় তুঙ্গপর্শী চর্চা

মধ্যপ্রদেশের আজনার নদীটি স্থানীয় বাসিন্দাদের ফেলে দেওয়া প্লাস্টিক ও বর্জ্যে মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছিল। প্রশাসনের কোনো আশায় বসে না থেকে ২০ বছর বয়সি তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী একাই এগিয়ে আসেন নদীটি রক্ষায়। সোশ্যাল মিডিয়ায় ‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত এই তরুণ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে একাই নদী ও আশপাশের তীর থেকে সমস্ত আবর্জনা পরিষ্কার করার কঠিন দায়িত্ব কাঁধে তুলে নেন।
নদীটি পরিষ্কারের আগের এবং পরের অবিশ্বাস্য পরিবর্তনের ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সচেতন নাগরিক হিসেবে সুরেন্দ্রর এই একক প্রয়াসকে নেটপাড়া একবাক্যে কুর্নিশ জানিয়েছে। তবে একই সাথে, স্থানীয় প্রশাসন ও আমজনতার উদাসীনতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। নেটিজেনদের মতে, সরকারি উদ্যোগের অভাবে একা একজন তরুণকে পরিবেশ রক্ষায় এভাবে এগিয়ে আসতে হলো।