‘আমাদের সঙ্গীতের শিকড়টাই ওদের নেই!’ কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের

‘কোক স্টুডিও পাকিস্তান’ এবং ‘কোক স্টুডিও ভারত’-এর সঙ্গীত ও সৃজনশীলতার মূল পার্থক্য নিয়ে মুখ খুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দুই সংস্করণেই চমৎকার সব কম্পোজিশন রয়েছে। তবে পাকিস্তানি সংস্করণের গানে যে গভীর শিকড়, নিজস্ব ঐতিহ্য এবং সৃজনশীল স্বাধীনতা থাকে, ভারতীয় সংস্করণে তার অভাব রয়েছে। আতিফের মতে, ‘কোক স্টুডিও ভারত’-এ গানের মৌলিকত্ব ও শিল্পের চেয়ে বাণিজ্যিক দিকটিকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়, যা অনুষ্ঠানটির আত্মাকে কিছুটা প্রভাবিত করে।
একই সাক্ষাৎকারে আতিফ আরও জানান, পাকিস্তানি সংস্করণে একাধিক শিল্পী একত্রে কাজ করার পাশাপাশি নিজেদের গায়কী ও শৈলী ফুটিয়ে তোলার পূর্ণ স্বাধীনতা পান। আর এই স্বাধীনতাই তাঁদের সঙ্গীতকে অনন্য করে তোলে। এর পাশাপাশি নিজের গাওয়া ২০০৭ সালের ‘প্রিন্স’ ছবির জনপ্রিয় গান ‘তেরে লিয়ে’ প্রসঙ্গেও এক চমকপ্রদ মন্তব্য করেন আতিফ। শ্রেয়া ঘোষালের সাথে দ্বৈতকণ্ঠে গাওয়া এই বিখ্যাত গানটি নিয়ে তিনি অকপটে স্বীকার করেন যে, গানটি তাঁর নিজের চেয়ে অন্য কোনো শিল্পীর কণ্ঠে হয়তো আরও বেশি ভালো মানাত।