ইতালির রাজনীতিতে ইতিহাস গড়লেন মেলোনি, রেকর্ড ভাঙতেই ‘বিশেষ বন্ধু’-কে মোদীর আবেগঘন বার্তা!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির রাজনৈতিক ইতিহাসে দীর্ঘতম মেয়াদে ক্ষমতায় থাকার অভূতপূর্ব রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। টানা ১,৪১৩ দিন শাসন ক্ষমতায় থেকে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির আগের রেকর্ড স্পর্শ করেছেন। যেখানে গত ৮০ বছরে ইতালিতে ৬৮ বার সরকার পরিবর্তন হয়েছে, সেখানে ২০২২ সালে দায়িত্ব নেওয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মেলোনির এই স্থিতিশীলতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতালির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেলোনি স্পষ্ট করেছেন যে, কর্মসংস্থান বৃদ্ধি ও দেশের অর্থনৈতিক ভাবমূর্তি পুনরুদ্ধারে তাঁর সরকার একইভাবে কাজ করে যাবে।
ইতালির রাজনৈতিক ইতিহাসে এই নজিরবিহীন সাফল্যের পর শুক্রবার ‘বন্ধু’ মেলোনিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্স-এ মোদী উল্লেখ করেন, এই ঐতিহাসিক মাইলফলকটি মেলোনির দূরদর্শী নেতৃত্বের প্রতি ইতালীয় জনগণের গভীর আস্থারই প্রতিফলন। এর পাশাপাশি ভারত ও ইতালির মধ্যকার কৌশলগত সম্পর্ক ও দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার করতে মেলোনির বন্ধুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। দুই দেশের মানুষের সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে আগামী দিনেও যৌথ সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী।