তৃণমূল জমানার বাধা অতীত! বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ১০ লক্ষ মানুষের ধর্মসভার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর

লিলুয়ায় বাগেশ্বর বাবার ধর্মসভায় যোগ দিয়ে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসন কঠোর পদক্ষেপ করছে এবং ইতিমধ্যেই বহু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি, এই মঞ্চ থেকেই তিনি বাগেশ্বর বাবাকে আগামী দিনে কলকাতার ব্রিগেড ময়দানে ১০ লক্ষ মানুষের উপস্থিতিতে এক বিশাল ধর্মসভা করার ঐতিহাসিক আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাগেশ্বর বাবাকে ব্রিগেডে সভা করতে বাধা দেওয়া হলেও, বর্তমানে রাজ্যে ‘রাষ্ট্রবাদী’ সরকার থাকায় সনাতন ধর্ম চর্চায় আর কোনো বাধা নেই।
বাগেশ্বর বাবার দেশব্যাপী সেবামূলক কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, পশ্চিমবঙ্গেও এ ধরনের উদ্যোগে রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে। লিলুয়ার ওয়ার্কশপ মাঠে আয়োজিত এই ধর্মসভায় বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বাগেশ্বর বাবাকে ফুল, মিষ্টি ও গদা উপহার দেন এবং তাঁর সঙ্গে হনুমান চালিসা পাঠ করেন। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই এবং বালির বিধায়ক সঞ্জয় সিং।