ঋণের সুদ না দেওয়ায় মহিলাকে অপহরণ ও নগ্ন করে ভিডিও, বেঙ্গালুরুতে গ্রেফতার ৩

বেঙ্গালুরুতে সুদের টাকা মেটাতে না পারায় এক মহিলাকে অপহরণ, মারধর এবং নগ্ন করে ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ দুই মহিলাসহ মোট তিন সুদের কারবারিকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন—রেশমা বানু, নাজাথ এবং রেশমার স্বামী সুহেল।
পুলিশ সূত্রে জানা গেছে, আর্থিক সংকটে পড়ে নির্যাতিতা মহিলা প্রায় দু’বছর আগে রেশমা বানুর কাছ থেকে ১ লক্ষ টাকা এবং পরে তাঁর মাধ্যমেই নাজাথের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। তবে গত ৬ মাস ধরে তিনি সুদের টাকা দিতে পারছিলেন না এবং গত ২ মাস ধরে ঋণের কিস্তিও অনাদায়ী ছিল। পরবর্তীতে অভিযুক্তদের ফোন নম্বর ব্লক করে তিনি মায়ের বাড়ি চলে যান।
অভিযোগ, সম্প্রতি কাজের সুযোগ দেওয়ার নাম করে নাজাথ ওই মহিলাকে ডেকে পাঠান। তিনি নির্দিষ্ট স্থানে পৌঁছাতেই রেশমা ও সুহেল এসে তাঁর ওপর চড়াও হন। তাঁকে ছুরি দিয়ে আক্রমণ ও মারধর করার পর জোর করে একটি অটোরিকশায় তুলে কুম্বালগোডুর একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। সেখানে তাঁকে নগ্ন করে ভিডিও শ্যুট করা হয় এবং পাওনা টাকা শোধ না করলে সেই ভিডিও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
মহিলা বাড়ি না ফেরায় তাঁর মা চন্দ্র লেআউট থানায় একটি নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ মহিলার অবস্থান চিহ্নিত করে তাঁকে উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। অপহরণ, হামলা ও ভয় দেখানোর অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।