রেলের পর স্তব্ধ সড়কপথও: ফরাক্কায় মেগা জ্যামে অবরুদ্ধ উত্তরবঙ্গ!

রেলের পর স্তব্ধ সড়কপথও: ফরাক্কায় মেগা জ্যামে অবরুদ্ধ উত্তরবঙ্গ!

নিউ ফরাক্কা লাইনে ধসের জেরে গত বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত। শনিবারও বাতিল রয়েছে একগুচ্ছ ট্রেন। ট্রেন বন্ধ থাকায় পর্যটক ও সাধারণ যাত্রীদের সিংহভাগ চাপ এসে পড়ে সড়কপথের ওপর। তবে সেই বিকল্প পথও এখন চরম বিপদে। ফরাক্কা ব্যারেজে গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময়ের নজিরবিহীন যানজটে স্থবির হয়ে পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা।

ট্রেন পরিষেবায় ব্যাঘাত ঘটায় যাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকার অতিরিক্ত বাস পরিষেবা চালু করে। কলকাতার ধর্মতলা ছাড়াও শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ি থেকে বাড়তি বাস ফরাক্কা রুট দিয়েই চলাচল শুরু করে। এমনিতেই পণ্যবাহী ট্রাকের দাপটে ফরাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে; তার ওপর এই অতিরিক্ত যানবাহনের চাপে পুরো পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বর্তমানে ফরাক্কা ব্যারেজ চত্বরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে সারি সারি বাস, লরি ও ব্যক্তিগত গাড়ি। এমনকি আটকে পড়েছে জরুরি পরিষেবায় যুক্ত অ্যাম্বুল্যান্সও। বিকল্প কোনো রাস্তা না থাকায় তীব্র ভোগান্তির মধ্যে গাড়ির ভেতরেই বন্দি হয়ে রয়েছেন হাজার হাজার যাত্রী। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে বা যানজট কবে কাটবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *