পুলিশের বড় কর্তা আর প্রভাবশালীদের নাম ভাঙিয়ে কোটি টাকার খেলা! ভবানীপুরে জালে চাঞ্চল্যকর ‘গবেষক’

মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার সুযোগ নিয়ে এক অসহায় মহিলাকে মিথ্যে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। পুলিশ ও রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে এই ভয়ংকর প্রতারণার চক্র চালানোর অভিযোগে ড. সুদীপ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কলকাতার ভবানীপুর থানার পুলিশ। হাওড়ার নিশ্চিন্দার আনন্দনগর এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়। নিজেকে গবেষক দাবি করলেও এই সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেননি তিনি। তাঁর স্ত্রী মন্দিরা সামন্তের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগকারিণীর দাবি, মায়ের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যায় পরিচিত সুদীপ বিশ্বাসের সাহায্য চান তিনি। এরপর সুদীপ ও তাঁর স্ত্রী একটি ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। সহযোগীদের দিয়ে পুলিশ ও রাজনৈতিক নেতার পরিচয়ে ভুয়ো ফোন করিয়ে কয়েক দফায় মোট ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা আদায় করা হয়। শুধু তাই নয়, ওই মহিলাকে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ রয়েছে। এই ঘটনায় সুদীপকে জেরা করে চক্রের অন্য হোতাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।