বিজেপির শিক্ষক দিবসের মঞ্চে বড় ঘোষণা! মৌখিকে ৫ নম্বরের বেশি নয়, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যের ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর নতুন সরকার। শিক্ষক দিবসের এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ফের দেশের প্রথম সারিতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বড় আশ্বাস দিয়ে তিনি বলেন, আদালতের নির্দেশ মেনেই স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি, বিগত তৃণমূল সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। শিক্ষক নিয়োগে কারচুপি ঢাকতেই মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর রাখার ব্যবস্থা হয়েছিল বলে অভিযোগ তুলে তিনি স্পষ্ট জানান, এখন থেকে এসএসসি-র মৌখিক পরীক্ষায় ৫ নম্বরের বেশি রাখা হবে না।
তৃণমূল আমলের শিক্ষানীতি ও সিলেবাস নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অতীতে জাতীয় শিক্ষানীতি রূপায়ণ না করে বিভিন্ন ভাতা প্রদানে জোর দেওয়া হলেও শিক্ষাক্ষেত্রে কম্পোজিট গ্র্যান্ট আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এছাড়া স্কুলের পাঠ্যক্রমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বদল আনা হয়েছে দাবি করে তিনি জানান, বর্তমান প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে পারে, সেই লক্ষ্যে সিলেবাসে প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে। অনুষ্ঠানে এনসিসি চালুর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়ার পাশাপাশি শিশুমনে বিভাজনের বীজ না পোঁতার বার্তা দেন মুখ্যমন্ত্রী।