দিল্লির সত্য নিকেতনে ভয়াবহ বহুতল ধস: ৩ জনের মৃত্যু, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

দিল্লির সত্য নিকেতনে ভয়াবহ বহুতল ধস: ৩ জনের মৃত্যু, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সপ্তাহের শুরুতেই রাজধানী দিল্লির সত্য নিকেতনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। হঠাৎই একটি তিনতলা বহুতল ভেঙে পড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। দক্ষিণ দিল্লির এই জনবহুল ও ছাত্রপ্রধান এলাকায় এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই ঘটনার পর সামাজিক মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঘটনাটিকে “অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক” আখ্যা দিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি তিনি আশ্বাস দেন, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে জোরকদমে কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের সব রকম প্রয়োজনীয় সাহায্য দেওয়া হচ্ছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসস্তূপ সরিয়ে এখনও পর্যন্ত ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে ইট ও কংক্রিটের স্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খুঁজে দেখতে এনডিআরএফ (NDRF), অগ্নিনির্বাপক বাহিনী ও দিল্লি পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভেঙে পড়া ভবনটি একটি পেয়িং গেস্ট (PG) আবাসন হিসেবে ব্যবহৃত হতো। আশপাশে একাধিক কলেজ থাকায় সেখানে বহু শিক্ষার্থী বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা, দুর্ঘটনার সময় একাধিক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। আপাতত পুরো এলাকাটি নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত উদ্ধার অভিযান জারি থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *