স্ত্রীকে খুন করে ফ্রিজে কাটা মাথা! গুয়াহাটিতে ক্যাব চালকের রোমহর্ষক কাণ্ড

গুয়াহাটি: শহরের বেলতলা এলাকায় প্রকাশ্যে এল এক শিউরে ওঠা নৃশংস হত্যাকাণ্ডের খবর। বুটিককর্মী স্ত্রীকে খুন করে তাঁর কাটা মাথা প্লাস্টিকে মুড়ে ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ ওই তরুণীর আংশিক পচাগলা মাথাহীন দেহ এবং রান্নাঘরের ফ্রিজ থেকে কাটা মুণ্ড উদ্ধার করে। এই শিহরণ জাগানো ঘটনার পর মূল অভিযুক্ত ক্যাব চালক স্বামী নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম রিয়া তালুকদার। তিনি নুনমাটি এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বুটিকে কর্মরত ছিলেন। অভিযুক্ত স্বামী রামানুজন গোস্বামী আসামের ধুবড়ি জেলার বাসিন্দা, পেশায় ক্যাব চালক। গত রবিবার রাতে অ্যাপার্টমেন্ট থেকে হঠাৎ তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করলে প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা তৎক্ষণাৎ স্থানীয় থানায় খবর দেন। পুলিশ এসে দরজ ভেঙে ঘরে ঢুকে মেঝের ওপর নিথর মাথাহীন দেহটি দেখতে পায়। এরপর তল্লাশি চালিয়ে রান্নাঘরের ফ্রিজের ভেতর থেকে উদ্ধার করা হয় প্লাস্টিকে মোড়ানো কাটা মুণ্ডটি।
ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, পুলিশ পৌঁছানোর অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যার ফলে দেহে পচন ধরতে শুরু করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই রোমহর্ষক ঘটনার কথা চাউর হতেই পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পরই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।