রান্নাঘরে ইঁদুর-আরশোলা, বিরিয়ানির মাংসে ছত্রাক! কলকাতায় ২৫টি রেস্তোরাঁর লাইসেন্স স্থগিত
কলকাতার রেস্তোরাঁগুলিতে খাদ্যের গুণমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। খাদ্য নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে গত ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তের রেস্তোরাঁ ও খাবারের দোকানে একযোগে অভিযান চালায় পুরসভার ফুড সেফটি ব্রাঞ্চ। এই অভিযানে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, ইঁদুর ও আরশোলার উপদ্রব, বিরিয়ানিতে দেওয়া মাংসে ছত্রাক এবং বাসি-পচা খাবারের অস্তিত্ব মেলে।
অভিযানের পর স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে শহরের অন্তত ২৫টি রেস্তোরাঁর ফুড লাইসেন্স আপাতত স্থগিত (সাসপেন্ড) করা হয়েছে। পুর কমিশনার জানিয়েছেন, এই অভিযানে প্রায় ১,২২৪ কেজি অস্বাস্থ্যকর খাবার নষ্ট করা হয়েছে।
অভিযানের মূল পরিসংখ্যান:
- মোট পরিদর্শন: ৩,৯৮৯টি স্থান
- গুরুতর অনিয়ম চিহ্নিত: ৩,৪৮৯টি স্থানে
- খাবারের নমুনা সংগ্রহ: ২,১৫১টি জায়গা থেকে
- খাবার বিক্রি বন্ধের নির্দেশ: ৬০টি দোকানে
- লাইসেন্স স্থগিত/বাতিল: ২৫টি রেস্তোরাঁর
- দোকান বন্ধ: ৪৮টি
- ত্রুটি শুধরে পুনরায় চালুর অনুমতি: ২৯টি
পুরসভা সূত্রে জানা গেছে, যেসব রেস্তোরাঁর লাইসেন্স বাতিল বা স্থগিত করা হয়েছে, তাদের ভুল সংশোধন ও পরিচ্ছন্নতা ফেরানোর জন্য প্রায় দুই সপ্তাহ সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে সব নিয়ম মেনে রান্নাঘরের ছবি পুরসভায় পাঠাতে হবে। এরপর ফুড সেফটি অফিসার পুনরায় স্থানটি পরিদর্শন করে সন্তুষ্ট হলে তবেই দোকান চালুর চূড়ান্ত অনুমতি দেওয়া হবে।