‘অপমানের রাজনৈতিক জবাব!’ কালীঘাটে বসে শাসকদলকে চরম হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর

২০২১ সালের কলকাতা পুরভোটে প্রচারের সময় চরম অপমানের শিকার হয়ে চোখের জল ফেলতে হয়েছিল বিজেপি নেতা সুকান্ত মজুমদারকে। কালের নিয়মে সময় বদলেছে—আজ তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনের দলের ‘ইনচার্জ’। এবার খোদ মুখ্যমন্ত্রীর গড়ে দাঁড়িয়ে সেই একুশের অপমানের গণতান্ত্রিক ও রাজনৈতিক উপায়ে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।
মঙ্গলবার কালীঘাটের জয় হিন্দ ভবনে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত ১৩৬ নম্বর ওয়ার্ড (পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭৩ নম্বর ওয়ার্ড) এবং ১৩৮ নম্বর ওয়ার্ডের (মেটর ফিরহাদ হাকিমের এলাকা) কর্মী-সমর্থকদের নিয়ে বিশেষ রণকৌশল তৈরি করেন সুকান্ত। এই দুটি হেভিওয়েট এলাকাকেই বিজেপি ভোটের ময়দানে মূল লক্ষ্য বা ‘পাখির চোখ’ করছে বলে জানান তিনি।
সংগঠন মজবুত করার পাশাপাশি ‘ইনদওর মডেল’-এর আদলে তিলোত্তমাকে সাজানোর প্রতিশ্রুতি নিয়ে এবার পুরভোটে বিজেপি অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে নামছে। খোদ মুখ্যমন্ত্রী ও মেয়রের এলাকাকে নিশানা করে বিজেপি যে ঘুঁটি সাজানো শুরু করল, তাতে শাসক দলের অন্দরে অস্বস্তি বাড়ল বলেই মনে করছে অভিজ্ঞ রাজনৈতিক মহল।