প্রকাশ্যে অসভ্যতামির প্রতিবাদ! কানপুরে মদ্যপ যুবকদের হামলায় প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশ্যে অসভ্যতামির প্রতিবাদ! কানপুরে মদ্যপ যুবকদের হামলায় প্রাণ গেল ব্যবসায়ীর

উত্তরপ্রদেশের কানপুরে প্রকাশ্যে অসভ্যতামির প্রতিবাদ করায় চার মদ্যপ যুবকের নির্মম হামলায় প্রাণ হারালেন ৪৭ বছর বয়সি বিজ্ঞাপন ব্যবসায়ী অমিত কুমার প্রেম। কাকদেব থানা এলাকার ওম স্কোয়ারে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার গভীর রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন অমিত। ওম স্কোয়ার এলাকায় চার যুবক মদ্যপ অবস্থায় প্রকাশ্যে হট্টগোল করছিল এবং তাদের একজন রাস্তায় প্রস্রাব করছিল। অমিত সাহসিকতার সঙ্গে তাদের এই আচরণের প্রতিবাদ জানান। এতেই ক্ষিপ্ত হয়ে যুবকরা তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে। স্থানীয় বাসিন্দারা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদের ওপর ইট-পাথর ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং অমিতকে গুরুতর জখম করে পালিয়ে যায়।

রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় অমিতকে উদ্ধার করে স্থানীয় অনুরাগ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুরো ঘটনার বিবরণ সংলগ্ন সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। কানপুর ক্রাইম ব্রাঞ্চ ও কাকদেব থানা পুলিশ সেই ফুটিজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। জনসমক্ষে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের পর উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *