ডোপিংয়ের থাবা ভারতীয় কুস্তিতে! জরিমানা এড়াতে এশিয়ান গেমসের দল থেকে বাদ দীপক

এশিয়ান গেমস ২০২৬ শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় কুস্তি মহল। জাতীয় ডোপ-বিরোধী সংস্থার (NADA) ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়লেন ২৫ বছর বয়সি গ্রেকো-রোমান কুস্তিগীর দীপক। ভারতীয় কুস্তি ফেডারেশন (WFI) ইতিমধ্যে প্রতিযোগিতা থেকে তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছে।
কীভাবে ধরা পড়লেন দীপক? দিল্লির বাসিন্দা ও ভারতীয় ডাক বিভাগের কর্মী দীপক গত ৩১ মে লখনউয়ে আয়োজিত ট্রায়ালসে সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হন এবং এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করেন। তবে সেই ট্রায়ালসের দিনই সংগৃহীত তাঁর মূত্রের নমুনায় ‘ক্লোমিফেন’ নামক একটি উপাদানের উপস্থিতি ধরা পড়ে। বিশ্ব ডোপ-বিরোধী সংস্থার (WADA) নিয়মানুযায়ী এই পদার্থটি ‘হরমোন ও মেটাবলিক মডুলেটরস’-এর নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত। নাডার প্রাথমিক ও চূড়ান্ত তদন্তের পর বিষয়টিকে ‘অ্যাডভার্স অ্যানালিটিক্যাল ফাইন্ডিং’ হিসেবে চিহ্নিত করা হয়।
কেন নেওয়া হলো বাদ দেওয়ার সিদ্ধান্ত? নাডার নিয়ম অনুযায়ী দীপককে এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাসিত করা হয়নি এবং দ্বিতীয় নমুনার রিপোর্ট না আসা পর্যন্ত অপরাধ পুরোপুরি প্রমাণিত নয়। তবুও ভারতীয় কুস্তি ফেডারেশন ঝুঁকি নেয়নি। এশিয়ান গেমসে অংশ নেওয়ার পর যদি দীপক পুনরায় ডোপ পরীক্ষায় ব্যর্থ হন, তবে বিশ্ব কুস্তি সংস্থা ভারতীয় ফেডারেশনকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এই বিপুল অঙ্কের আর্থিক জরিমানা ও আইনি জটিলতা এড়াতেই তড়িঘড়ি দীপককে দল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
পরপর ৩ কুস্তিগীর বাদ: দীপকই প্রথম নন, এর আগেও ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে এশিয়ান গেমসের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই ভারতীয় কুস্তিগীর— পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল বিভাগের মুকুল দাহিয়া এবং ১৩০ কেজি গ্রেকো-রোমান বিভাগের দীপাংশু। দীপককে নিয়ে ডোপিংয়ের কারণে বাদ পড়া কুস্তিগীরের সংখ্যা দাঁড়াল তিনে, যা গেমসের আগে ভারতীয় শিবিরের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিল।