রক্ষাকবচ উঠতেই তোলপাড়! কালীঘাট থেকে অভিষেকের PA সুমিত রায়কে গ্রেফতার করল CID

রক্ষাকবচ উঠতেই তোলপাড়! কালীঘাট থেকে অভিষেকের PA সুমিত রায়কে গ্রেফতার করল CID

কলকাতা: শীর্ষ আদালতে আইনি সুরক্ষা উঠতেই বড় পদক্ষেপ রাজ্য তদন্তকারী সংস্থার। শালবনি জমি দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক (PA) সুমিত রায়কে গ্রেফতার করল সিআইডি (CID)। বৃহস্পতিবার কালীঘাটে অভিষেকের বাসভবন থেকেই তাঁকে আটক করে ভবানী ভবনে নিয়ে যান সিআইডি আধিকারিকরা।

তদন্তে অসহযোগিতা, তুলে নেওয়া হলো রক্ষাকবচ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সুমিতকে তদন্তে সহযোগিতার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা করেননি। ফলে তাঁর আগাম সুরক্ষা বহাল রাখার কোনও অর্থ হয় না।

অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা, নজর সিআইডি-র সিআইডি-র দাবি, শালবনি জমি কেলেঙ্কারিতে অন্যতম প্রধান অভিযুক্ত সুমিত রায়। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। তদন্তকারীরা জানান, শুধুমাত্র গত জুন মাসেই তাঁর অ্যাকাউন্টে জমা পড়েছিল প্রায় ৭১ লক্ষ টাকা। সব মিলিয়ে তাঁর অ্যাকাউন্টে অন্তত ১৫ কোটি টাকার হদিস মিলেছে, যার সঠিক উৎস তিনি জানাতে পারেননি।

কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুমিত। কিন্তু শীর্ষ আদালত রাজ্য সরকারের জমা দেওয়া অসহযোগিতার রেকর্ড খতিয়ে দেখে রক্ষাকবচ তুলে নিতেই সিআইডি তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *