রবিবার মেট্রোয় উঠবেন? বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন কোন রুটে বন্ধ পরিষেবা

রবিবার মেট্রোয় উঠবেন? বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন কোন রুটে বন্ধ পরিষেবা

পুজোর কেনাকাটার জন্য রবিবার ছুটির দিনে বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? তবে তার আগে কলকাতা মেট্রোর এই গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই জেনে নিন। রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার (১৩ সেপ্টেম্বর) ব্লু-লাইনের একাংশে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকছে মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গীতাঞ্জলি এবং কবি নজরুল স্টেশনের মাঝে পাওয়ার ব্লক ও মেরামতির কাজ চলবে। সেই কারণে রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহীদ ক্ষুদিরাম (নিউ গড়িয়া) এবং মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে না।

তবে স্বস্তির খবর এটাই যে, দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত পরিষেবা এই সময়েও সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। সন্ধ্যা সাড়ে ৬টার পর কাজ শেষ হলে পুরো ব্লু-লাইনেই (দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া) ফের স্বাভাবিক নিয়মে মেট্রো চলাচল শুরু হবে।

পুজোর ঠিক আগে ছুটির দিনে শহরের বহু মানুষ কেনাকাটা করতে বেরোন। ফলে ব্লু-লাইনের একাংশ বন্ধ থাকায় দক্ষিণ কলকাতা থেকে এসপ্ল্যানেড বা অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াতকারী যাত্রীদের কিছুটা ভোগান্তির মুখে পড়তে হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীদের কাছে আগাম দুঃখপ্রকাশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *