তৃণমূলের অন্দরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দখলের লড়াই! বিস্ফোরক দাবি শমীক ভট্টাচার্যের

তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নির্বাচন কমিশনের দড়িটানাটানির আবহে নতুন রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। একটি বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, জোড়াফুল শিবিরের দুই গোষ্ঠীর এই অন্তর্দ্বন্দ্বের মূল কারণ দলীয় তহবিলের কোটি কোটি টাকার নিয়ন্ত্রণ। তাঁর অভিযোগ, একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রায় ৪০০ কোটি টাকা আটকে থাকা এবং পুলিশের ফ্রিজ করা ১২টি অ্যাকাউন্টে থাকা প্রায় ১,০০০ কোটি টাকার নিয়ন্ত্রণ নিয়েই এই লড়াই চলছে।
পাশাপাশি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আক্রমণ শানিয়ে শমীক দাবি করেন, বাংলায় কার্যত কোনও শক্তিশালী বিরোধী দল নেই এবং তৃণমূল রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা হারাচ্ছে। কর্মসংস্থানের অভাবের কারণে রাজ্যের তরুণ প্রজন্ম কাজের খোঁজে অন্য রাজ্যে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে শিল্পায়নের স্বার্থে রাজ্যে একটি স্বচ্ছ ও সুসংহত জমিনীতি তৈরিরও জোরালো দাবি জানিয়েছেন বঙ্গ বিজেপির এই শীর্ষ নেতা।