মোদীর গালা ডিনারে এলেন না জিনপিং, পুতিনদের পাতে কী কী ছিল জানেন?

মোদীর গালা ডিনারে এলেন না জিনপিং, পুতিনদের পাতে কী কী ছিল জানেন?

নয়াদিল্লি: ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে বসেছে চাঁদের হাট। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজিত বিশেষ গালা ডিনারে যোগ দিলেন না চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি সোজা হোটেলেই ফিরে যান বলে খবর। তবে তাঁর অনুপস্থিতি সত্ত্বেও এই নৈশভোজের আসর বসেছিল বেশ জমজমাট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ দেশ-বিদেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব এই ভোজে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক হেভিওয়েট সদস্য। পাশাপাশি যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মতো প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্বরা। তবে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদও সামিট সেরে দেশে ফিরে যাওয়ায় এই নৈশভোজে উপস্থিত থাকতে পারেননি।

চীনা প্রেসিডেন্টের কেন এই দূরত্ব, তার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। তবে ওয়াকিবহাল মহলের অনুমান, দীর্ঘ বিমানযাত্রা এবং দ্বিপাক্ষিক বৈঠকের ক্লান্তির পর তিনি হোটেলে বিশ্রাম নেওয়ার পক্ষেই সায় দিয়েছিলেন।

এদিকে, রাষ্ট্রনেতাদের পাতে ভারতীয় ঐতিহ্যের নানা পদের সমাহার ঘটিয়েছিল আয়োজক দেশ। মেনুতে ছিল খুম্ব গালৌটি, পনির লাবাবদার, গুচ্ছি মারমিক এবং মিলেটের পোলাওয়ের মতো সুস্বাদু পদ। আর রাতের এই ভোজের শেষ পাতে মিষ্টিমুখের জন্য ছিল পুরনো দিল্লির ফ্রুট ক্রিমের সঙ্গে জিলিপি এবং শাহী ফিরনি। সবমিলিয়ে বিশ্বমঞ্চের এই হাই-প্রোফাইল বৈঠকে পদের বৈচিত্র্য আর কূটনৈতিক অনুপস্থিতির পারদ চড়েছিল সমানতালে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *