নাইট ডিউটিতে যাওয়ার পথে বিপত্তি, সালানপুরে ছিনতাইবাজদের গুলিতে আহত নিরাপত্তারক্ষী

নাইট ডিউটিতে যাওয়ার পথে বিপত্তি, সালানপুরে ছিনতাইবাজদের গুলিতে আহত নিরাপত্তারক্ষী

আসানসোল: শনিবার রাতে আসানসোলের সালানপুরে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। নাইট ডিউটিতে যাওয়ার পথে ছিনতাইকারীদের বাধা দেওয়ায় গুলিবিদ্ধ হলেন এক বেসরকারি স্কুলের নিরাপত্তা রক্ষী। আহত ব্যক্তির নাম হরিদাস লায়েক, তিনি স্থানীয় আল্লাডি পঞ্চায়েতের ধাগুড়ির বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই শনিবার রাত ৯টা নাগাদ বাইকে করে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হরিদাসবাবু। তাঁর সঙ্গে একটি ব্যাগ ছিল। অভিযোগ, রাত সাড়ে ৯টা নাগাদ ঠিক স্কুলের কাছাকাছি পৌঁছাতেই একটি বাইকে চেপে তিন যুবক তাঁর পিছু নেয়। তাদের সকলের মুখ কাপড়ে ঢাকা ছিল। আচমকাই তারা চলন্ত বাইক থেকে হরিদাসবাবুর ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে দুষ্কৃতীরা তাঁর পায়ে এক রাউন্ড গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে বাইক থেকে পড়ে যান তিনি। রক্তাক্ত অবস্থাতেও পকেট থেকে মোবাইল বের করে দুষ্কৃতীদের ছবি তোলার চেষ্টা করেন হরিদাসবাবু, তবে তার আগেই তারা এলাকা ছেড়ে চম্পট দেয়। আহত ব্যক্তির ভাই বৃন্দাবন লায়েক জানিয়েছেন, তাঁর দাদাকে উদ্ধার করে বর্তমানে আসানসোল ইএসআই (ESI) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দুষ্কৃতীদের ধরতে রাতেই জাতীয় সড়কে শুরু হয় কড়া নাকা চেকিং। অপরাধীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *