“শুধু অমিত নয়, আরও অনেকে জড়িত!” পুরুলিয়ায় তরুণী খুনে কড়া শাস্তির দাবি পরিবারের

“শুধু অমিত নয়, আরও অনেকে জড়িত!” পুরুলিয়ায় তরুণী খুনে কড়া শাস্তির দাবি পরিবারের

বহরমপুরের সুতপা হত্যাকাণ্ডের স্মৃতি ফিরিয়ে ফের এক তরুণীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল পুরুলিয়ায়। ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। এই ঘটনায় ইতিমধ্যেই মৃতার প্রেমিক অমিত মাহাতোকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আদালত তাঁকে ৯ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

বাঘমুণ্ডি থানার বোরদা গ্রামের বাসিন্দা ওই তরুণী চাকরির প্রস্তুতির জন্য পুরুলিয়া শহর সংলগ্ন টামনা থানা এলাকার একটি মেসে থেকে পড়াশোনা করতেন। একই থানা এলাকার হুড়ুমদা গ্রামের বাসিন্দা অমিত মাহাতোর সঙ্গে একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি সেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, প্রেমিকা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন—এমন সন্দেহের বশেই এই চরম পদক্ষেপ করেছেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে মেসেই গিয়েছিলেন অমিত। সেখানে কথা কাটাকাটির জেরে তাঁকে খুন করা হয় বলে অনুমান। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মৃতদেহটি একটি বস্তায় ভরে বাইকে করে বাঘমুণ্ডির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন অভিযুক্ত যুবক। পথচলতি অবস্থায় বস্তা থেকে রক্ত চুঁইয়ে পড়তে দেখে সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই আসল সত্য সামনে আসে এবং ধৃত খুনের কথা স্বীকার করেন।

রবিবার সকালে ধৃত যুবককে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, এই ঘটনার নেপথ্যে শুধু অমিত একা নন, আরও অনেকে জড়িত রয়েছেন বলে দাবি করেছেন মৃতার বাবা-মা। মেয়ের ওপর নির্যাতন চালিয়ে তাঁকে খুন করা হয়েছে অভিযোগ তুলে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *