ক্যামাক স্ট্রিট বিতর্ক: খালি করার নোটিস খারিজ আদালতের, নতুন পরিদর্শনের নির্দেশ

ক্যামাক স্ট্রিট বিতর্ক: খালি করার নোটিস খারিজ আদালতের, নতুন পরিদর্শনের নির্দেশ

কলকাতা: ক্যামাক স্ট্রিটে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর খালি করার নোটিসে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। দমকলের তরফে পাঠানো ওই নির্দেশিকা বুধবার খারিজ করে দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। এর ফলে আইনি প্রক্রিয়ায় বড়সড় স্বস্তি পেল কালীঘাট শিবির।

৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলায় অবস্থিত অভিষেকের দপ্তরে অগ্নি-নির্বাপণ বিধি অমান্যের অভিযোগ তুলে গত ৪ সেপ্টেম্বর একটি নোটিস জারি করেছিল দমকল বিভাগ। গত অগস্টেই ভবনের ফায়ার সেফটি লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেলেও মালিকপক্ষ তা রিনিউ করায়নি। অভিযোগের ভিত্তিতে ভবন মালিক ভাড়াটিয়াদের ঘর খালি করার নির্দেশ দিলে বিষয়টি হাইকোর্টে গড়ায়।

মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও জানান, পুরো বিষয়টি দমকলকে নতুন করে খতিয়ে দেখতে হবে। দমকলের আধিকারিকেরা সরেজমিনে গিয়ে আবার পরিদর্শন করবেন। যদি পরিদর্শনের পর কোনো ত্রুটি নজরে আসে, তবে তৃণমূল নেতৃত্বকে নতুন করে নোটিস দিতে হবে। নির্দিষ্ট সময়ে সেই ত্রুটি সংশোধন না করা হলে তবেই আইন মেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া যাবে।

উল্লেখ্য, এই ৯ ক্যামাক স্ট্রিটের কার্যালয়কে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই জলঘোলা চলছে। সম্প্রতি ভবনের বিলবোর্ড খোলা নিয়ে পুরসভার কর্মীদের সঙ্গে অভিষেকের অনুগামীদের তীব্র বচসা ও পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছিল। সেই বিতর্কের মাঝেই দমকলের নোটিস ঘিরে নতুন চাপ তৈরি হয়। তবে হাইকোর্টের এ দিনের নির্দেশে আপাতত নিজেদের দপ্তরে নিশ্চিন্তে কাজ চালিয়ে যেতে পারছে তৃণমূল শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *