বারুইপুর কাণ্ড: হাইকোর্টে ধাক্কা সিপিএম নেতার, এনকাউন্টার ইস্যুতে রাজ্যকে কড়া নির্দেশ

বারুইপুর কাণ্ড: হাইকোর্টে ধাক্কা সিপিএম নেতার, এনকাউন্টার ইস্যুতে রাজ্যকে কড়া নির্দেশ

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের পর হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সিপিএম নেতা লাহেক আলির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও আপাতত কোনো অন্তর্বর্তী স্বস্তি পেলেন না ওই বাম নেতা।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিযুক্ত ব্যক্তি যেহেতু ইতিমধ্যেই অন্তর্বর্তী জামিনে রয়েছেন, তাই এই মুহূর্তে এফআইআর বাতিলের নতুন কোনো নির্দেশ দেওয়া সম্ভব নয়। শুনানিকালে লাহেকের আইনজীবী দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে। অন্যদিকে, রাজ্যের কৌঁসুলি কেস ডায়েরি পেশ করে গোলমালে লাহেকের জড়িত থাকার কথা জানান। আদালত নির্দেশ দিয়েছে, পুজোর ছুটির পর রাজ্যকে এ বিষয়ে হলফনামা জমা দিতে হবে এবং পরবর্তী দু’সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দেবে আবেদনকারী পক্ষ।

অন্যদিকে, এই ঘটনার পর পুলিশি নিষ্ক্রিয়তা এবং এক অভিযুক্তের এনকাউন্টার নিয়ে দায়ের হওয়া পাঁচটি জনস্বার্থ মামলায় কড়া অবস্থান নিয়েছে হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এনকাউন্টার সম্পর্কিত সমস্ত সিসিটিভি (CCTV) ফুটেজ অবিলম্বে সংরক্ষণের নির্দেশ দিয়েছে। এনকাউন্টার সংক্রান্ত প্রশ্নগুলির জবাব দিতে রাজ্যকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা হয় তা নিশ্চিত করার নির্দেশ দিয়ে আদালত জানিয়েছে, তিন সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *