‘গুলি নয়, ডিম খাচ্ছি!’: ফের আক্রান্ত মহুয়া, বিচারপতিকে তোপ দাগলেন শ্লেষে

‘গুলি নয়, ডিম খাচ্ছি!’: ফের আক্রান্ত মহুয়া, বিচারপতিকে তোপ দাগলেন শ্লেষে

নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে ফের হামলার মুখে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কর্মসূচিতে গিয়ে আবার ডিম-বর্ষণের শিকার হয়েছেন তিনি। তবে এবার শুধু বিজেপিকে দায়ী করেই থেমে থাকেননি সাংসদ, সরাসরি নিশানায় তুলে এনেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তকে।

মহুয়ার অভিযোগ, বুধবার তাঁর সভা চলাকালীন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা আচমকাই হামলা চালায় এবং তাঁর দিকে এলোপাথাড়ি ডিম ছুড়তে থাকে। সঙ্গে পুলিশ থাকলেও হামলাকারীদের আটকানোর বদলে উল্টে তাঁকেই জোর করে গাড়িতে তুলে দেওয়া হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়োবার্তায় ক্ষোভ উগরে দিয়ে মহুয়া বলেন, পুলিশি সহায়তা পাওয়ার বদলে উল্টে তাঁকেই এমনভাবে সরানো হলো যেন তিনিই এই বিশৃঙ্খলার জন্য দায়ী।

ঘটনার পরপরই সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তকে উদ্দেশ্য করে চরম শ্লেষাত্মক বার্তা দেন কৃষ্ণনগরের সাংসদ। উল্লেখ্য, গত অগস্ট মাসে একটি মামলায় স্বশরীরে হাজিরা এড়াতে সর্বোচ্চ আদালতে আর্জি জানিয়েছিলেন মহুয়া। কালীগঞ্জের আগের ডিম-হামলার কথা উল্লেখ করে তিনি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিতে চেয়েছিলেন। কিন্তু সেই মামলা খারিজ করে বিচারপতি দত্ত মন্তব্য করেছিলেন, “স্বাধীনতা সংগ্রামীরা বুকে বুলেট খেয়েছেন, আর আপনি এই মামলা নিয়ে কোর্টে আসছেন?”

বুধবারের হামলার পর বিচারপতির সেই মন্তব্যকেই স্মরণ করিয়ে মহুয়া বলেন, “ধন্যবাদ মাই লর্ড! আপনার পরামর্শ মতোই আমি স্বাধীনতা সংগ্রামীদের মতো গুলির বদলে ডিম-বর্ষণের মুখোমুখি দাঁড়িয়েছি।” অন্য একটি ভিডিয়োয় ঘিরে থাকা বিক্ষোভকারীদের দেখিয়ে তিনি লেখেন, “স্বাধীন ভারতের একজন সাংসদ হিসেবে যে সাংবিধানিক সুরক্ষা আমি পেলাম, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *