রবীন্দ্র সরোবরের জল এবার গ্লাসে ঢেলে খাওয়া যাবে! বড় পরিকল্পনা অগ্নিমিত্রা পালের

রবীন্দ্র সরোবর ও সংলগ্ন এলাকা পরিদর্শনে এসে লেকের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যায়ন নিয়ে একাধিক বড় পরিকল্পনার কথা জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এলাকা খতিয়ে দেখার পাশাপাশি সরোবরের জলকে এমন উন্নত প্রযুক্তিতে পরিশ্রুত করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, যাতে সেই জল সরাসরি গ্লাসে ঢেলে পান করা সম্ভব হয়।
জল পরিশোধন ও দূষণ নিয়ন্ত্রণ মন্ত্রীর দাবি, আগের তুলনায় রবীন্দ্র সরোবরের জল এখন অনেকটাই স্বচ্ছ ও দূষণমুক্ত। সরোবর সংলগ্ন ক্লাব ও প্রার্থনাস্থলের দূষিত বর্জ্য জল লেকে পড়া বন্ধ হওয়ায় এই উন্নতি সম্ভব হয়েছে। তিনি জানান, রবীন্দ্র সরোবরের পাশাপাশি সুভাষ সরোবরের জলও আধুনিক ওয়াটার পিউরিফায়ার সিস্টেমের মাধ্যমে পানের যোগ্য করে তোলার বিষয়ে কেএমডিএ (KMDA)-কে রূপরেখা দেওয়া হয়েছে।
দুর্গা মিউজিয়াম সংস্কার ও নজরদারি পরিদর্শনকালে সরোবর চত্বরে থাকা বিখ্যাত ‘মা ফিরে এলো’ গ্যালারি (দুর্গা মিউজিয়াম) ঘুরে দেখেন অগ্নিমিত্রা পাল। কলকাতার সেরা দুর্গোৎসবের সংরক্ষিত প্রতিমাগুলোর সৌন্দর্য দেখে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, প্রতিমার দীর্ঘস্থায়ী রক্ষণাবেক্ষণের জন্য আলোর তীব্রতা কিছুটা কমানো প্রয়োজন। পাশাপাশি বাইরের ভাস্কর্য ও পরিবেশ নজরদারিতে রাখারও নির্দেশ দেন তিনি।
পরিকাঠামো ও শৌচালয়ের আধুনিকীকরণ সরোবর এলাকার ফুটপাত মেরামতের নির্দেশের পাশাপাশি পরিচ্ছন্নতায় জোর দিয়েছেন মন্ত্রী। পুরো এলাকায় বিমানবন্দর বা পাঁচতারা হোটেলের আদলে আধুনিক মানের শৌচালয় গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। লেকের রক্ষণাবেক্ষণ নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে পূর্ববর্তী সরকারকে নিশানা করার পাশাপাশি তিনি স্পষ্ট করেন, দায়িত্ব কেএমডিএ-র অধীনে থাকলে বর্তমান সরকার তা দক্ষতার সাথেই পালন করবে।