শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ রাজনাথ, অন্য রাজ্যেও কাজের ‘চর্চা’!

শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ রাজনাথ, অন্য রাজ্যেও কাজের ‘চর্চা’!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এ বার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মতৎপরতায় দরাজ সার্টিফিকেট দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার সল্টলেকের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে শুভেন্দুর পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে রাজনাথ দাবি করেন, বাংলার মুখ্যমন্ত্রীর কাজের চর্চা এখন দেশের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছে।

প্রশাসনিক প্রধান হিসেবে (গুজরাটের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদীর টানা ২৫ বছর পূর্তি ও তাঁর জন্মদিন উপলক্ষে বিজেপি রাজ্য জুড়ে শুরু করছে মাসব্যাপী ‘সেবা সঙ্কল্প অভিযান’। এই বিশেষ দিনটি উদ্‌যাপনে গঙ্গায় এক লক্ষ প্রদীপ ভাসানোর কর্মসূচি নেওয়া হয়েছে। গত ২৫ বছরে মোদীর উন্নয়নমূলক কাজের খতিয়ান পেশ করতেই মূলত কলকাতায় এসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী।

শুভেন্দুকে পাশে বসিয়ে রাজনাথ বলেন, “বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ একশো শতাংশ সহযোগিতা করবে। আমার বিশ্বাস, ভবিষ্যতে বাংলা শুধু ভারতের মধ্যেই নয়, বিশ্বমঞ্চে অন্যতম বড় ‘শিপ বিল্ডার্স হাব’ হিসেবে আত্মপ্রকাশ করবে।” সীমান্ত এলাকায় দীর্ঘদিনের জমি জট কাটিয়ে বিএসএফ-কে কাঁটাতার দেওয়ার ব্যবস্থা করায় দিল্লির দরবারে শুভেন্দুর গতিশীল প্রশাসনিক ভাবমূর্তি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।

প্রধানমন্ত্রীর সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে রাজনাথ জানান, গত ১২ বছরে দেশে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন এবং ৯৪ কোটিরও বেশি মানুষকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনা হয়েছে। রাজনৈতিক বিরোধিতার তোয়াক্কা না করে মোদী দেশ গঠনে মনোযোগ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৫৯ কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার বড় অংশই মহিলারা পেয়েছেন। ২০১৪-র পর সঠিক নেতৃত্ব পেয়েই দেশের জনশক্তি ও মেধা পূর্ণ সম্ভাবনায় কাজ করার উপযুক্ত পরিবেশ পেয়েছে বলে দাবি করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *