পাকিস্তানে অঘোষিত ‘লকডাউন’! রাত ৯টায় বাজার বন্ধ, আধিকারিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জ্বালানি সঙ্কট ও অর্থনৈতিক ডামাডোলে ফের কঠোর কৃচ্ছ্রসাধনের পথে হাঁটল পাকিস্তান। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে চরম চাপে শাহবাজ শরিফের সরকার। পরিস্থিতি সামাল দিতে কার্যত অঘোষিত ‘লকডাউন’-এর পথে হেঁটেছে ইসলামাবাদ। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি আমলা— সকলকেই মানতে হবে এই কড়া নিয়ম। বৃহস্পতিবার থেকেই অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করেছে পাকিস্তানের ক্যাবিনেট ডিভিশন।
একনজরে পাকিস্তানের নতুন কড়া নিয়মাবলি:
- বিয়েবাড়িতে মাত্র এক পদ: সরকারের সবচেয়ে নজরকাড়া নির্দেশটি হলো বিয়ে বা যেকোনো উৎসবে খাবারের রাশ টানা। খরচ ও জ্বালানি বাঁচাতে বিয়েবাড়িতে একটির বেশি পদ পরিবেশন করা যাবে না। উৎসবের অনুষ্ঠান শেষ করতে হবে রাত ১০টার মধ্যে।
- গাড়ি কেনায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা: সরকারি কাজের জন্য নতুন কোনও গাড়ি কেনা যাবে না। পাশাপাশি তথ্যপ্রযুক্তি সংক্রান্ত অত্যন্ত প্রয়োজনীয় কেনাকাটা ছাড়া অন্য দীর্ঘস্থায়ী পণ্য কেনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
- সরকারি গাড়ির জ্বালানিতে কোপ: আগামী তিন মাস সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ এক ধাক্কায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। তবে সেনা, পুলিশ ও জরুরি পরিষেবাকে এর বাইরে রাখা হয়েছে।
- রাত ৯টায় বন্ধ হবে বাজার: দোকান, শপিং মল, মুদি দোকান-সহ যাবতীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্তোরাঁ ও ক্যাফে খোলা রাখা যাবে রাত ১১টা পর্যন্ত। তবে জরুরি পরিষেবা (যেমন- হাসপাতাল, ফার্মেসি, পেট্রল পাম্প) এবং হোম ডেলিভারি এই নিয়মের বাইরে।
- বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা: সরকারি কর্মী, আধিকারিক ও মন্ত্রীদের বিদেশ সফরে তিন মাসের নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিশেষ প্রয়োজনে যেতে হলে শুধুমাত্র ইকোনমি ক্লাসেই যাতায়াত করতে হবে।
কেন এই পরিস্থিতি? চলতি মাসের ১৭ তারিখ থেকেই পাকিস্তানে জ্বালানির দাম আকাশছোঁয়া। লিটারপ্রতি ৬.৮৮ রুপি বেড়ে সেদেশে পেট্রলের দাম দাঁড়িয়েছে ৩৯১.২২ পাকিস্তানি রুপি এবং ডিজেলের দাম ৪২১.৪৫ রুপি। মূলত জ্বালানি সাশ্রয় এবং সরকারি কোষাগারের অপ্রয়োজনীয় খরচ কমাতেই দেশজুড়ে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান প্রশাসন।