‘টাকা না দিলেই শোকজ!’ দুই ভাইয়ের আইএসএফ-কে নিয়ে বিস্ফোরক আরাবুল

বিধানসভা নির্বাচনের পর থেকেই একের পর এক নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক পদক্ষেপ করছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)। কারিমুল ইসলাম ও রাহুল মোল্লার পর এবার দলের রাজ্য কার্যকরী সভাপতি শামসুল আলি মল্লিক এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লাকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) পাঠাল দল। আগামী ১৮ সেপ্টেম্বর ফুরফুরা শরিফের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীর উপস্থিতিতে তাঁদের তলব করা হয়েছে।
দলের এই সিদ্ধান্ত ঘিরে চরম উত্তেজনার মধ্যেই আইএসএফ-কে তীব্র আক্রমণ করেছেন প্রাক্তন নেতা আরাবুল ইসলাম। নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকীকে নিশানা করে তিনি দাবি করেন, আইএসএফ আসলে ‘দুই ভাইয়ের দল’। তাঁর বিস্ফোরক অভিযোগ, বুথে বুথে টাকা তোলার মারাত্মক প্রতিযোগিতা চলছে। যারা নির্দিষ্ট অঙ্কের টাকা তুলে দিতে পারছে না, দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরই শোকজ ও সাসপেন্ড করছে।
অন্যদিকে, শোকজ হওয়া দুই নেতা অবশ্য বিষয়টি নিয়ে জলঘোলা করতে নারাজ। তাঁদের বক্তব্য, দল কোনো ভুলত্রুটি দেখলে ব্যাখ্যা চাইতেই পারে। দলবিরোধী কোনো কাজ করে থাকলে যেকোনো সিদ্ধান্ত তাঁরা মাথা পেতে নেবেন। তবে ভোটের পর আইএসএফের অন্দরে ওঠা এই তোলাবাজি ও আর্থিক দুর্নীতির অভিযোগ রাজনৈতিক মহলে নতুন করে জোর বিতর্ক তৈরি করেছে।